Image default
উত্তর আমেরিকাদেশ পরিচিতি

কানাডা: স্বপ্নের দেশ নাকি কঠিন বাস্তবতা?

আপনি কি জানেন  বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শীর্ষ ১০ শহরের তিনটিই কানাডায়? 

“হো হো হো!”—এই হাসির শব্দটাই যেন সান্তা ক্লজের পরিচয়। অনেকেই জানেন না, এই প্রতীকী চরিত্রকে ঘিরে সবচেয়ে মজার একটি বিষয় হলো—তার জন্য নির্ধারিত পোস্টাল কোড রয়েছে কানাডায়, যা H0H 0H0 নামে পরিচিত। এটি সান্তা ক্লজের “আনুষ্ঠানিক ঠিকানা” হিসেবে ব্যবহৃত হয়।

শুনতে অবাক লাগলেও, সান্তা ক্লজকে কানাডার নাগরিক হিসেবে অনেক সময় প্রতীকীভাবে উপস্থাপন করা হয়। কানাডিয়ান পোস্টাল সার্ভিস প্রতি বছর সান্তার উদ্দেশে লেখা হাজারো চিঠির উত্তর দেয়, যা বিশ্বের শিশুদের কাছে এক বিশেষ আনন্দের বিষয়। এটি শুধু একটি মজার তথ্য নয়, বরং কানাডার কল্পনাশক্তি, উদারতা এবং মানবিক মূল্যবোধের একটি সুন্দর প্রতিফলন।

এই কারণেই উন্নত জীবনযাপন, সমঅধিকার এবং শান্তিপূর্ণ সমাজের কথা উঠলেই কানাডার নাম প্রথম সারিতে আসে। বিশাল এই দেশে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ স্বপ্ন নিয়ে অভিবাসী হন। সময়ের সাথে তারা এই সমাজে মিশে গিয়ে গর্বের সাথে বলেন—“আমি একজন কানাডিয়ান।”

চলুন, এবার আমরা কানাডা সম্পর্কে নানা জানা-অজানা তথ্য আরও বিস্তারিতভাবে জানি।

ভৌগোলিক অবস্থান, রাজধানী ও জনসংখ্যা 

কানাডা উত্তর আমেরিকার একটি বিশাল দেশ এবং বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত। দেশটির দক্ষিণে যুক্তরাষ্ট্র, উত্তরে আর্কটিক মহাসাগর এবং পূর্ব ও পশ্চিমে যথাক্রমে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর অবস্থিত।

আয়তনের দিক থেকে কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। এর মোট আয়তন প্রায় ৯,৯৮৪,৬৭০ বর্গকিলোমিটার, যা প্রায় ১ কোটি বর্গকিলোমিটার-এর কাছাকাছি। তবে বিশাল আয়তন থাকা সত্ত্বেও দেশটির জনসংখ্যা তুলনামূলকভাবে কম। বর্তমানে কানাডার জনসংখ্যা প্রায় ৪ কোটির কাছাকাছি, যা দেশটিকে পৃথিবীর কম জনবসতিপূর্ণ উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে।

মজার বিষয়,অনেকেই মনে করেন কানাডার রাজধানী টরন্টো, কিন্তু কিন্তু বাস্তবে কানাডার রাজধানী হলো অটোয়া। এটি অন্টারিও প্রদেশে অবস্থিত এবং কানাডার প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। 

ম্যাপ

কানাডার ইতিহাস: আদিবাসী থেকে আধুনিক রাষ্ট্র

কানাডার ইতিহাস হাজার বছরের পুরোনো। ইউরোপীয়রা আসার বহু আগেই কানাডার বিশাল ভূমিতে বসবাস করত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী, যাদের বলা হয় First Nations, Inuit এবং Métis। তারাই ছিল এই ভূখণ্ডের প্রকৃত প্রথম অধিবাসী। তারা নিজেদের ভাষা, সংস্কৃতি, জীবনধারা এবং শিকার-নির্ভর অর্থনীতি গড়ে তুলেছিল।

পরবর্তীতে ১৫শ শতকের শেষদিকে ইউরোপ থেকে অভিযাত্রীরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে নতুন ভূমির সন্ধানে আসে। কানাডার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নাম হলো ফরাসি অভিযাত্রী জ্যাক কার্টিয়ার। তিনি স্থানীয় আদিবাসীদের কাছ থেকে “কানাটা” শব্দটির সঙ্গে পরিচিত হন, যার অর্থ ছিল “গ্রাম” বা “বসতি”। ধীরে ধীরে ইউরোপীয় মানচিত্র ও নথিপত্রে এই শব্দটি পরিবর্তিত হয়ে “Canada” নামে পরিচিত হয়।

এরপর ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে কানাডার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ সময় দ্বন্দ্ব চলে। ১৭৫৬ থেকে ১৭৬৩ সাল পর্যন্ত ঘটে বিখ্যাত সেভেন ইয়ার্স ওয়ার। যুদ্ধের শেষে ১৭৬৩ সালের প্যারিস চুক্তি অনুযায়ী কানাডা ব্রিটিশদের অধীনে চলে যায়।

এরপর সময়ের সঙ্গে সঙ্গে কানাডা ধীরে ধীরে স্বায়ত্তশাসনের দিকে এগোয়। অবশেষে ১৮৬৭ সালে কানাডা কনফেডারেশন গঠিত হয় এবং কানাডা আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এই দীর্ঘ ইতিহাস কানাডাকে শুধু একটি রাষ্ট্র নয়, বরং একটি বহুজাতিক পরিচয়ের দেশে পরিণত করেছে।

কানাডার বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী- Image Source: thecanadianencyclopedia.ca

কানাডার আবহাওয়া কেমন?

কানাডাকে সাধারণভাবে শীতপ্রধান দেশ বলা হয়। যদিও দেশটির আবহাওয়া অঞ্চলভেদে ভিন্ন, তবে অধিকাংশ জায়গায় শীতকাল দীর্ঘ এবং বেশ কঠিন। শীতকালে অনেক অঞ্চলে তাপমাত্রা নেমে মাইনাস ২০ থেকে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত  যায়। ফলে তুষারপাত কানাডায় খুবই সাধারণ একটি বিষয়।

বিশেষ করে ম্যানিটোবা প্রদেশের চার্চিল শহরকে বলা হয় “Polar Bear Capital of the World”, কারণ এখানে প্রচুর মেরু ভাল্লুক দেখা যায়।

তবে কানাডার সব জায়গায় আবহাওয়া একরকম নয়। যেমন, ভ্যাঙ্কুভার শহরে শীত তুলনামূলকভাবে কম এবং আবহাওয়া অনেকটা সহনীয় থাকে। কিন্তু টরন্টো কিংবা মন্ট্রিয়ল শহরে শীত অনেক বেশি তীব্রভাবে অনুভূত হয়।

অন্যদিকে কানাডার গ্রীষ্মকাল সাধারণত স্বল্প সময়ের জন্য আসে, তবে তখন আবহাওয়া বেশ মনোরম থাকে। সব মিলিয়ে বলা যায়, কানাডার শীত একদিকে যেমন বড় চ্যালেঞ্জ, অন্যদিকে এটি দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ও বৈশিষ্ট্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

কানাডা পর্যটন স্থান 

নায়াগ্রা ফলস

কানাডার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানের মধ্যে নায়াগ্রা ফলস শীর্ষে। দূর থেকে দেখলে মনে হয় এখানে আকাশ থেকে বিশাল সাদা পর্দার মতো পানি নিচে নেমে আসছে। বলা হয়, এর পানির প্রবাহ এত শক্তিশালী যে তার শব্দ অনেক দূর থেকেও শোনা যায়। এর চারপাশে সবসময় হালকা কুয়াশা, বাতাসে পানির ছিটা আর প্রচণ্ড গর্জন সব মিলিয়ে এখানে প্রকৃতির শক্তির এক অনন্য প্রকাশ দেখা যায়।

নায়াগ্রা ফলস- Image Source: wikimedia.org

জলপ্রপাতের ভেতর থেকে দেখার অভিজ্ঞতা 

নায়াগ্রা ফলস ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো Journey Behind the Falls। এটা মূলত একটি বিশেষ ট্যুর, যেখানে আপনাকে টানেলের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়। এই টানেলগুলো পাহাড়ের ভেতরে তৈরি, আর এগুলোর শেষে আছে কিছু ভিউইং পোর্টাল (ছোট জানালার মতো জায়গা), যেখান থেকে আপনি দেখতে পাবেন কীভাবে বিশাল পানি প্রচণ্ড শব্দ করে নিচে পড়ছে। এখানে পর্যটকরা জলপ্রপাতের শক্তিশালী পানিপ্রবাহ খুব কাছ থেকে অনুভব করা যায়, যা ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে।

ব্যান্ফ ন্যাশনাল পার্ক 

ব্যান্ফ ন্যাশনাল পার্ক হলো কানাডার সবচেয়ে বিখ্যাত ও প্রাচীন জাতীয় উদ্যানগুলোর একটি। এটি অবস্থিত আলবার্টা প্রদেশের রকি মাউন্টেনস অঞ্চলে। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত এই পার্কটি কানাডার প্রথম ন্যাশনাল পার্কও। ব্যান্ফ মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর জন্য পরিচিত। এখানে হরিণ, এল্ক এবং মাঝে মাঝে ভাল্লুকও দেখা যায়। 

লেক লুইস

ব্যান্ফ ন্যাশনাল পার্কের ভেতরে সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি হলো লেক লুইস, যা বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা লেকগুলোর মধ্যে অন্যতম। এর পানি নীল-সবুজ রঙের এবং এতটাই স্বচ্ছ যে নিচের অংশ পর্যন্ত অনেক সময় দেখা যায়। চারপাশে সুউচ্চ পাহাড় আর বরফে ঢাকা শিখর মিলিয়ে এই লেককে একেবারে রূপকথার দৃশ্যের মতো করে তোলে।এখানে গ্রীষ্মকালে লেকে বোটিং করার সুযোগ থাকে, আর শীতকালে যখন পানি বরফে পরিণত হয়, তখন এটি স্কেটিংয়ের জন্য জনপ্রিয় জায়গায় পরিণত হয়।

মোরাইন লেক

লেক লুইস এর কাছেই অবস্থিত সুন্দর মোরেইন লেক, যা তার গভীর নীল রঙের জন্য বিশেষভাবে পরিচিত। এই লেককে বলা হয় “Valley of the Ten Peaks” কারণ এর চারপাশে দশটি সুউচ্চ পাহাড় প্রহরীর মতো ঘিরে আছে। পাহাড়গুলোর ছায়া যখন স্বচ্ছ পানির উপর পড়ে, তখন তা এক অসাধারণ নান্দনিক প্রতিফলন তৈরি করে। কানাডার পোস্টকার্ড, ট্রাভেল ম্যাগাজিন এবং পর্যটন প্রচারণায় এই লেকের ছবিই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যা এর জনপ্রিয়তার প্রমাণ দেয়। 

কানাডিয়ান রকি পর্বতমালা

কানাডিয়ান রকি পর্বতমালাএটি হলো উত্তর আমেরিকার সবচেয়ে বিখ্যাত ও মনোমুগ্ধকর পর্বতমালাগুলোর একটি। এই বিশাল পাহাড়শ্রেণির সামনে দাঁড়ালে মানুষ সত্যিই নিজেকে ছোট মনে করে, কারণ এর উচ্চতা ও বিস্তৃতি চোখে ধরা কঠিন। পাহাড়ের গায়ে বরফের সাদা চাদর, ধূসর পাথরের খাড়া গঠন আর সবুজ বনভূমি মিলিয়ে এক অবিশ্বাস্য সুন্দর দৃশ্য তৈরি হয়।এই অঞ্চল বিশেষভাবে পরিচিত তার দারুণ হাইকিং ট্রেইল, বিশ্বমানের স্কি রিসোর্ট এবং অসংখ্য ভিউ পয়েন্টের জন্য, যেখান থেকে পুরো পাহাড়ি সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। 

রকি পর্বতমালা
রকি পর্বতমালা- Image Source: en.wikipedia.org

হোপওয়েল রক্স

নিউ ব্রান্সউইক প্রদেশের সবচেয়ে চমৎকার প্রাকৃতিক আকর্ষণগুলোর একটি হলো হোপওয়েল রক্স প্রভিন্সিয়াল পার্ক। এটি বিখ্যাত তার অদ্ভুত আকৃতির পাথরের জন্য, যেগুলো দেখতে বিশাল স্তম্ভ বা ফুলদানির মতো। হাজার হাজার বছরের সমুদ্রের ঢেউ ও ক্ষয়ের ফলে এই অনন্য গঠনগুলো তৈরি হয়েছে।

এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো দিনে দুইবার দৃশ্য সম্পূর্ণ বদলে যায়। জোয়ারের সময় পাথরগুলো প্রায় পুরোপুরি পানির নিচে ডুবে যায়, যেন তারা সমুদ্রের অংশ হয়ে যায়। আবার ভাটার সময় পানি নেমে গেলে পুরো তলদেশ উন্মুক্ত হয়ে যায়, আর তখন পর্যটকরা নিচে নেমে পাথরের চারপাশে হাঁটতে পারেন। এই পরিবর্তনশীল দৃশ্যই হোপওয়েল রক্সকে এক অসাধারণ ও অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসেবে গড়ে তুলেছে।

কানাডার সংস্কৃতি ও জনপ্রিয় খাবার 

কানাডার সংস্কৃতি পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় সংস্কৃতি। কারণ এখানে বিশ্বের প্রায় সব দেশ থেকে মানুষ এসে বসবাস করে। কানাডা সরকারিভাবে বহুসাংস্কৃতিক নীতিতে বিশ্বাস করে, যার ফলে মানুষ নিজের ধর্ম, ভাষা, পোশাক ও ঐতিহ্য স্বাধীনভাবে পালন করতে পারে। এখানে ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং নারী-পুরুষের সমঅধিকারকে গুরুত্ব দেওয়া হয়। এজন্য কানাডাকে অনেকেই নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখে।

কানাডার সংস্কৃতি- Image Source: iciss.ca

কানাডার সংস্কৃতির আরেকটি বড় অংশ হলো তাদের খাদ্যসংস্কৃতি। কানাডার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে পুটিন, যা ফ্রেঞ্চ ফ্রাই, চিজ কার্ড ও গ্রেভি সস দিয়ে তৈরি। এছাড়া ম্যাপল সিরাপ কানাডার ঐতিহ্যবাহী মিষ্টি উপাদান, যা প্যানকেক ও ডেজার্টে ব্যবহৃত হয়। স্যামন ফিশ এবং কানাডিয়ান বেকনও বেশ জনপ্রিয়।

কানাডায় বিভিন্ন দেশের খাবারের ফিউশন সংস্কৃতি খুব শক্তিশালী। টরন্টো ও ভ্যাঙ্কুভারের মতো শহরে ভারতীয়, চাইনিজ, আরব ও বাংলাদেশি খাবার সহজেই পাওয়া যায়। বিশেষ করে টরন্টোতে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, যা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে আরও স্পষ্ট করে।

কানাডার অর্থনীতি ও উন্নয়ন 

কানাডার অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতির মধ্যে অন্যতম। দেশটি G7 এবং OECD-এর গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনে কানাডার অবস্থান অত্যন্ত শক্তিশালী। কানাডার অর্থনীতির প্রধান ভিত্তি হলো প্রাকৃতিক সম্পদ যেমন তেল, গ্যাস ও খনিজ, পাশাপাশি বনজ সম্পদ ও কৃষি।এছাড়া প্রযুক্তি খাত, ব্যাংকিং ও ফাইন্যান্স এবং উৎপাদন শিল্পও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

কানাডার অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে সেবা খাত । দেশের বিপুল জনগোষ্ঠী ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা এবং প্রযুক্তিভিত্তিক পেশায় নিয়োজিত।এছাড়া দক্ষিণ অন্টারিও অঞ্চলে বড় একটি উৎপাদনশিল্প গড়ে উঠেছে, যেখানে বিশেষভাবে গাড়ি উৎপাদন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কানাডার শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় 

কানাডার শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে অত্যন্ত স্বীকৃত। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে রয়েছে এবং উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাই অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য কানাডাকে বেছে নেয়।

কানাডায় পড়াশোনা ভালো হওয়ার অন্যতম কারণ হলো এখানে শুধু ডিগ্রি নয়, বাস্তব দক্ষতা অর্জনের সুযোগও থাকে। বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ল্যাব, ইন্টার্নশিপ এবং কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়তা করে।

কানাডায় পড়াশোনা করার বড় সুবিধাগুলোর মধ্যে রয়েছে মানসম্মত শিক্ষা, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ডিগ্রি, গবেষণার সুযোগ এবং পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজ করার সুবিধা। এছাড়া পড়াশোনা শেষ করার পর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ থাকায় শিক্ষার্থীরা কানাডায় কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে।

তবে বাস্তবতা হলো কানাডায় পড়াশোনার খরচ তুলনামূলক বেশি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি বছরে কয়েক লক্ষ টাকা থেকে কয়েক মিলিয়ন টাকা পর্যন্ত হতে পারে।

টরন্টো বিশ্ববিদ্যালয়- Image Source: thecanadianencyclopedia.ca

কানাডার জীবনযাপন 

অনেকে কানাডাকে “স্বপ্নের দেশ” বলেন মূলত দেশটির উন্নত জীবনযাত্রার মানের কারণে। কানাডার জীবনযাপন সাধারণত খুবই পরিকল্পিত, নিয়ম-নির্ভর এবং শান্তিপূর্ণ। এখানে মানুষ সময়ের মূল্য দেয়, আইন মেনে চলে এবং ব্যক্তিগত স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। নারী-পুরুষ সমঅধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষায় কানাডা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে পরিচিত।

তবে কানাডায় জীবনযাপনের কিছু কঠিন বাস্তবতাও রয়েছে। শীতকাল দীর্ঘ হওয়ায় অনেক সময় ঘরের ভেতরে থাকতে হয়, যা মানসিকভাবে কষ্টদায়ক হতে পারে। পাশাপাশি পরিবার থেকে দূরে থাকার কারণে একাকীত্ব অনুভব করা অনেক নতুন অভিবাসীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। নতুনদের ক্ষেত্রে চাকরি পেতে সময় লাগতে পারে এবং অভিজ্ঞতা বা কানাডিয়ান রেফারেন্সের অভাব বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া বাড়িভাড়া ও দৈনন্দিন জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে অনেক বেশি।

উপসংহার

কানাডা শুধু একটি উন্নত দেশই নয়, বরং এর ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতি দেশটিকে একটি শক্তিশালী ও বৈচিত্র্যময় রাষ্ট্রে পরিণত করেছে। এখানে জীবনযাত্রার মান অনেক উচ্চ হলেও বাস্তবতা হলো—খরচ তুলনামূলকভাবে বেশি এবং শুরুতে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কিছুটা কঠিন হতে পারে।তবে নিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতা, উন্নত শিক্ষাব্যবস্থা এবং বিস্তৃত কর্মসংস্থানের সুযোগ মানুষকে বারবার এই দেশে আকর্ষণ করে। একদিকে এটি অনেকের কাছে স্বপ্নের দেশ, আবার অন্যদিকে এটি কঠিন বাস্তবতারও একটি জায়গা। যারা ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারে, তাদের জন্য কানাডা সত্যিই সম্ভাবনাময় ভবিষ্যতের একটি নাম।

কানাডা নিয়ে কিছু মজার তথ্য

  • নায়াগ্রার নিচে গোপন টানেল শহর: Niagara Falls–এর নিচে একসময় হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ও বিভিন্ন টানেল তৈরি করা হয়েছিল। স্থানীয়দের মধ্যে এমনও গল্প আছে যে, কিছু পুরনো গোপন টানেল এখনো আছে, যেগুলো সাধারণ পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে।
  • ম্যাপল লিফের দেশ: কানাডার জাতীয় প্রতীক হলো ম্যাপল পাতা। দেশের পতাকাতেও এটি আছে। শরতে পুরো দেশ লাল-হলুদ রঙে রঙিন হয়ে যায়।
  • সান্তা ক্লজের পোস্ট অফিস: কানাডার সবচেয়ে মজার বিষয়গুলোর একটি হলো সান্তা ক্লজের জন্য অফিসিয়াল চিঠি পাঠানোর ঠিকানা—H0H 0H0। শিশুদের পাঠানো চিঠির উত্তরও এখানে দেওয়া হয়, যা সারা বিশ্বের জন্য এক বিশেষ আনন্দের বিষয়।
  • ভয়ংকর শীতের শহর: কানাডার উত্তরাঞ্চলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো -40°C পর্যন্ত নেমে যায়। এমন ঠান্ডায় গরম পানি বাইরে ফেললেই তা মুহূর্তেই বরফে পরিণত হয়।
  • শহরে ভালুকের উপস্থিতি: কিছু এলাকায় খাবারের খোঁজে মাঝেমধ্যে ভালুক শহরের ভেতরে ঢুকে পড়ে। তাই সেখানে বিশেষ “bear-proof” বর্জ্য বাক্স ব্যবহার করা হয়।
  • হ্রদের দেশ কানাডা: কানাডায় এত বেশি হ্রদ রয়েছে যে অনেকগুলোর এখনো নামকরণই হয়নি। এজন্য দেশটিকে অনেকেই “জলভরা রহস্যময় দেশ” বলে থাকে।
  • ফরাসি ভাষার শহর: Quebec–এর অনেক এলাকায় ফরাসি ভাষা এতটাই প্রচলিত যে ইংরেজি সেখানে দ্বিতীয় ভাষার মতো ব্যবহৃত হয়।

Reference:

Related posts

ফ্রান্সের অজানা গল্প: মৃত ব্যক্তিকে বিয়ে থেকে আইফেল টাওয়ার পর্যন্ত

লেবানন – পৃথিবীর প্রাচীনতম সংস্কৃতির দেশ

শেখ আহাদ আহসান

তুরষ্ক – ইউরোপ নাকি এশিয়ার দেশ?

ফাবিহা বিনতে হক

Leave a Comment

Table of Contents

    This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More