Image default
ইউরোপদেশ পরিচিতি

গ্রিস: প্রাচীন সভ্যতার দেশ – ইতিহাস, ভ্রমণ ও অজানা তথ্য

সক্রেটিস-প্লেটোর জ্ঞান আর আলেকজান্ডারের বীরত্ব থেকে শুরু করে সান্তোরিনির নীল ছাদের মায়াবী হাতছানি! যেখানে পাহাড়ের চূড়ায় দেবতাদের দীর্ঘশ্বাস আর নীল সমুদ্রের ঢেউয়ে মিশে আছে হাজার বছরের রহস্য! 

ভূমিকা

সক্রেটিস, প্লেটো, এরিস্টেটল, পিথাগোরাস, আলেকজান্ডার দ্যা গ্রেট প্রমুখ মনীষীর সেই প্রাচীন সভ্যতার সূতিকাগার এবং উন্নত বিশ্বের অন্যতম দেশ গ্রিস। একইসাথে অতি প্রাচীনকাল থেকেই গ্রিস পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় দেশ। পৌরাণিক কাহিনী, ইতিহাস আর সৌন্দর্যের মিলমিশ হয়ে সেই সুদূর অতীত থকে মানুষের মনকে ভরিয়ে দিয়ে আসছে গ্রীস। এর ভূমধ্যসাগরীয় তটরেখা ও বেলাভূমিগুলিও বেশ বিখ্যাত। চলুন জেনে আসি হাজার বছরের পুরোনো পৌরাণিক কাহিনি, দার্শনিক চিন্তাধারা এবং সমৃদ্ধ সংস্কৃতির সংমিশ্রণে গড়ে ওঠা দেশ গ্রিস সম্পর্কে নানা জানা অজানা তথ্য। 

গ্রিসের ছবি 

রাজধানী এথেন্স
সরকারি ভাষা গ্রিক
জনসংখ্যা ৯,৮৫০,২৯৭ জন
মোট আয়তন ১,৩১,৯৫৭ বর্গকিলোমিটার 
মুদ্রা ইউরো
সময় অঞ্চল GMT+3

ম্যাপ 

 গ্রিসের আয়তন ও জনসংখ্যা

দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের শেষ প্রান্তে অবস্থিত গ্রিস একটি ঐতিহাসিকভাবে সমৃদ্ধ দেশ। এর মোট আয়তন প্রায় ১,৩১,৯৫৭ বর্গকিলোমিটার। ২০২৬ সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা বর্তমানে প্রায় ৯,৮৫০,২৯৭ জন। গ্রিসের রাজধানীর নাম এথেন্স, যা কেবল দেশটির প্রধান শহরই নয় বরং পশ্চিমা সভ্যতার সূতিকাগার হিসেবেও পরিচিত। এই দেশের অন্যতম বিশেষত্ব হলো এর ভাষা; গ্রিক ভাষা পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলোর মধ্যে একটি যা প্রায় ৩,৪০০ বছর ধরে আজও নিরবচ্ছিন্নভাবে ব্যবহৃত হয়ে আসছে। 

গ্রিসের ইতিহাস 

ইউরোপের ইতিহাসের মূল ভিত্তি বা সূতিকাগার বলা হয় গ্রিসকে। এই রহস্যময় ইতিহাসের পরতে পরতে রয়েছে রোমাঞ্চকর সব বাঁক

প্রাক-ধ্রুপদী যুগ: মিনোয়ান ও মাইসিনীয় সভ্যতা (৩০০০ – ১১০০ খ্রিস্টপূর্ব) 

ইউরোপের প্রথম সংগঠিত সভ্যতা গড়ে উঠেছিল গ্রিসের ক্রিট দ্বীপে, যা মিনোয়ান সভ্যতা নামে পরিচিত। এরা উন্নত স্থাপত্য ও সামুদ্রিক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এরপর মূল ভূখণ্ডে মাইসিনীয় সভ্যতার উত্থান ঘটে। এই মাইসিনীয়রাই সেই বীর যোদ্ধা, যাদের কথা হোমারের ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ মহাকাব্যে অমর হয়ে আছে।

অন্ধকার যুগ ও পলিস বা নগররাষ্ট্রের উত্থান (১১০০ – ৮০০ খ্রিস্টপূর্ব) 

মাইসিনীয় সভ্যতার পতনের পর গ্রিস এক দীর্ঘ স্থবিরতার মধ্য দিয়ে যায়, যাকে ‘অন্ধকার যুগ’ বলা হয়। এরপর খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীর দিকে গ্রিসে ছোট ছোট স্বাধীন নগররাষ্ট্র বা পলিস গড়ে উঠতে থাকে। এর মধ্যে এথেন্স (গণতন্ত্র ও দর্শনের জন্য) এবং স্পার্টা (সামরিক শক্তির জন্য) ছিল সবচেয়ে প্রভাবশালী।

ধ্রুপদী বা স্বর্ণযুগ (৫০০ – ৩২৩ খ্রিস্টপূর্ব)

গ্রিসের ধ্রুপদী যুগ ছিল ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ সময়ে গ্রিক নগররাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে শক্তিশালী পারস্য বাহিনীকে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এই বিজয়ের পর এথেন্সে পেরিক্লিসের নেতৃত্বে গণতন্ত্রের স্বর্ণশিখর উন্মোচিত হয় এবং সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের মতো দার্শনিকদের হাত ধরে আধুনিক চিন্তাধারার ভিত্তি স্থাপিত হয়।

তবে এই উন্নতির পাশাপাশি গ্রিসের অভ্যন্তরীণ ক্ষমতা দখলের লড়াইও তীব্র হয়ে ওঠে। এথেন্স ও স্পার্টার মধ্যকার দীর্ঘস্থায়ী পেলোপনেসিয়ান যুদ্ধ নগররাষ্ট্রগুলোকে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়। এই রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে গ্রিসের অখণ্ড শক্তি ভেঙে পড়ে, যা ধীরে ধীরে তাদের স্বর্ণযুগের অবসান ঘটায়।

প্রাচীন গ্রিক থিয়েটার- Image Source: athens24.com

হেলেনিস্টিক যুগ ও আলেকজান্ডার দ্য গ্রেট (৩২৩ – ১৪৬ খ্রিস্টপূর্ব)

ম্যাসেডোনিয়ার তরুণ রাজা আলেকজান্ডার দ্য গ্রেটের হাত ধরে গ্রিসের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। তিনি তাঁর অদম্য সাহসে পারস্য থেকে শুরু করে মিশর ও ভারত পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য জয় করেন। আলেকজান্ডারের এই বিজয়ের ফলে গ্রিক শিল্প, ভাষা ও দর্শন প্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ে, যা ইতিহাসে ‘হেলেনিজম’ বা হেলেনিস্টিক সংস্কৃতি নামে পরিচিত। এই সংমিশ্রণ জ্ঞান-বিজ্ঞানের প্রসারে এক বৈপ্লবিক ভূমিকা রেখেছিল।

তবে আলেকজান্ডারের অকাল মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্যের ঐক্য ধরে রাখা সম্ভব হয়নি। তাঁর সেনাপতিরা নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হন এবং শেষ পর্যন্ত পুরো সাম্রাজ্যটিকে কয়েক ভাগে ভাগ করে নেন। যদিও রাজনৈতিকভাবে সাম্রাজ্যটি ভেঙে পড়েছিল, কিন্তু আলেকজান্ডারের প্রতিষ্ঠিত গ্রিক সংস্কৃতির প্রভাব পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত এশিয়া ও আফ্রিকার বিশাল অঞ্চলে টিকে ছিল।

রোমান ও বাইজেন্টাইন শাসন (১৪৬ খ্রিস্টপূর্ব – ১৪৫৩ খ্রিস্টাব্দ) 

খ্রিস্টপূর্ব ১৪৬ অব্দে রোমানরা গ্রিস দখল করে। তবে রোমানরা গ্রিক সংস্কৃতি ও দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। পরবর্তীতে রোমান সাম্রাজ্য বিভক্ত হলে গ্রিস বাইজেন্টাইন সাম্রাজ্যের (পূর্ব রোমান সাম্রাজ্য) অংশ হয়, যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল। এই সময়ে গ্রিসে খ্রিস্টধর্মের ব্যাপক প্রসার ঘটে।

প্রাচীন এথেন্স শহর- Image Source: greece-is.com

অটোমান শাসন (১৪৫৩ – ১৮২১ খ্রিস্টাব্দ)

১৪৫৩ সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করলে গ্রিস দীর্ঘ ৪০০ বছরের জন্য অটোমান শাসনের অধীনে চলে যায়। এই সময়ে গ্রিকদের ধর্ম ও ভাষা টিকে থাকলেও তারা স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যায়।

আধুনিক গ্রিস ও স্বাধীনতা (১৮২১ – বর্তমান)

দীর্ঘ চারশ বছরের অটোমান শাসনের অবসান ঘটিয়ে ১৮২১ সালে গ্রিকরা এক রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। প্রায় এক দশকের সংগ্রামের পর ১৮৩০ সালে লন্ডন প্রোটোকলের মাধ্যমে গ্রিস একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্বীকৃতি পায়। স্বাধীনতার পর থেকেই দেশটি তার হৃত গৌরব পুনরুদ্ধার এবং আধুনিক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করে।

বিংশ শতাব্দীতে গ্রিসকে অনেক চড়াই-উতরাই পাড়ি দিতে হয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটি ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং এরপর একটি দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক গৃহযুদ্ধ দেশটিকে বিপর্যস্ত করে তোলে। তবে প্রতিকূলতা কাটিয়ে ১৯৭৪ সালে সামরিক শাসনের পতনের মাধ্যমে গ্রিসে পুনরায় স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে ইউরোপীয় ইউনিয়নে (EU) যোগদানের মাধ্যমে গ্রিস আধুনিক ইউরোপের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করে।

সভ্যতার সূতিকাগার গ্রিস

প্রাচীন গ্রিস ছিল বিশ্বখ্যাত সব প্রতিভার মিলনস্থল। চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস, জ্যামিতির উদ্ভাবক ইউক্লিড, এবং আধুনিক ইতিহাসের জনক হেরোডোটাস – এঁদের হাত ধরেই জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার জন্ম হয়েছে। মহাকবি হোমার তাঁর মহাকাব্যের মাধ্যমে সাহিত্যের ভিত্তি গড়েছেন, আর আর্কিমিডিস গণিত ও পদার্থবিজ্ঞানে এনেছেন বৈপ্লবিক পরিবর্তন। এছাড়া সোফোক্লিসের মতো নাট্যকারদের লেখনী গ্রিক সংস্কৃতিকে করেছে অনন্য ও কালজয়ী। মূলত এই মনীষীদের মেধা ও দর্শনেই গ্রিস হয়ে উঠেছিল জ্ঞান অন্বেষণের শ্রেষ্ঠ কেন্দ্র।

প্রাচীন গ্রিসের মনীষীদের ভাস্কর্য- Image Source: static.vecteezy.com

গ্রিসের দর্শনীয় স্থান

সমুদ্রসৈকতের নীল জলরাশি, পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন দুর্গ এবং হাজার বছরের পুরনো মার্বেলের মন্দিরগুলোর সংমিশ্রণ দেশটিকে এক অনন্য রূপ দিয়েছে।গ্রিসের ঐতিহাসিক গুরুত্বের সবচেয়ে বড় প্রমাণ হলো এখানে থাকা ১৮টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

গ্রিসের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো এর পর্যটন শিল্প। মজার ব্যাপার হলো, গ্রিসে যত মানুষ বসবাস করেন, প্রতি বছর তার চেয়েও বেশি পর্যটক সেখানে ঘুরতে আসেন। এই বিপুলসংখ্যক পর্যটকের আগমন দেশটির কর্মসংস্থান সৃষ্টিতে এবং জাতীয় রাজস্ব বৃদ্ধিতে এক বিশাল ভূমিকা পালন করে। 

 কেপ সউনিয়ন 

কেপ সউনিয়ন মূলত তার সূর্যাস্ত এবং প্রাচীন পসেইডন মন্দিরের জন্য বিখ্যাত। এজিয়ান সাগরের নীল জলরাশির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের সাদা মার্বেল স্তম্ভগুলো এক অপার্থিব সৌন্দর্য তৈরি করে। সমুদ্রের দেবতা পসেইডনের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি গ্রিক নাবিকদের কাছে ছিল অত্যন্ত পবিত্র।এখান থেকে গ্রিসের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। পর্যটকরা মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়াতে পারেন এবং নিচে থাকা সমুদ্রের নীল জলরাশির প্যানোরামিক ভিউ উপভোগ করতে পারেন। বিখ্যাত কবি লর্ড বায়রন এই মন্দিরের একটি স্তম্ভে নিজের নাম খোদাই করে রেখে গিয়েছিলেন, যা আজও দেখা যায়।

থেসালোনিকি 

এটি গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি দেশটির সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। এর ইতিহাস রোমান, বাইজান্টাইন এবং অটোমান আমলের এক অনন্য সংমিশ্রণ।এর আইকনিক স্থাপনা ‘হোয়াইট টাওয়ার’ এবং বিশাল বাইজান্টাইন দেয়ালের জন্য এটি পরিচিত।পর্যটকরা এখানকার অ্যারিস্টটল স্কয়ারে হাঁটতে পারেন, বাইজান্টাইন গির্জাগুলো দেখতে পারেন এবং শহরের জমজমাট নাইটলাইফ উপভোগ করতে পারেন। এখানকার খাবার গ্রিসের মধ্যে সেরা বলে মানা হয়।এই শহরটিকে গ্রিসের ‘বিনোদন কেন্দ্র’ বলা হয় কারণ এখানে জনসংখ্যার তুলনায় ক্যাফে ও বারের সংখ্যা ইউরোপের যেকোনো শহরের চেয়ে বেশি।

থেসালোনিকি শহর- Image Source: discovergreece.com

জাগোরি 

প্রকৃতি প্রেমীদের জন্য জাগোরি হলো এক টুকরো স্বর্গ। এটি গ্রিসের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পার্বত্য অঞ্চল, যা তার ঐতিহ্যবাহী পাথুরে গ্রামগুলোর জন্য পরিচিত।তাছাড়া এখানে রয়েছে পৃথিবীর অন্যতম গভীর গিরিখাত ‘ভিকোস জর্জ’ এবং পাথরের তৈরি প্রাচীন খিলানযুক্ত সেতু। হাইকিং, রাফটিং এবং পাহাড়ি ঝর্ণায় সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা । এখানকার গ্রামগুলোর বাড়িঘর পাথরের তৈরি, যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর।

হালকিডিকি 

তিনটি আঙুলের মতো দেখতে উপদ্বীপ নিয়ে গঠিত হালকিডিকি তার সোনালী সৈকত এবং স্ফটিক স্বচ্ছ পানির জন্য বিখ্যাত। এর তিনটি অংশ হল কাসান্দ্রা (নাইটলাইফ), সিথোনিয়া (প্রকৃতি) এবং মাউন্ট অ্যাথোস (পবিত্র আশ্রম)। পর্যটকরা কাসান্দ্রার বিলাসবহুল রিসোর্টে থাকতে পারেন অথবা সিথোনিয়ার নিরিবিলি সৈকতে ক্যাম্পিং করতে পারেন।

হালকিডিকি – Image Source: travel-me.gr

পেলোপোনিজ 

 পেলোপোনিজকে  গ্রিসের ইতিহাসের একটি খোলা বই। এই অঞ্চলটি প্রাচীন বীরত্বগাথা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর। এখানেই অবস্থিত বিখ্যাত অলিম্পিয়া, যেখানে প্রাচীন অলিম্পিক গেমসের জন্ম হয়েছিল। এছাড়া স্পার্টা এবং মাইসিনীয় সভ্যতার ধ্বংসাবশেষ এখানে পাওয়া যায়। পর্যটকরা এখানে এসে প্রাচীন থিয়েটার দেখতে পারেন, পাহাড়ি ড্রাইভ উপভোগ করতে পারেন এবং ভেনেশিয়ান দুর্গগুলো ঘুরে দেখতে পারেন।

ডেলফি

প্রাচীন গ্রিকরা ডেলফিকে পৃথিবীর কেন্দ্রবিন্দু বা ‘নাভি’ বলে বিশ্বাস করত। এটি মাউন্ট পার্নাসাস পাহাড়ের ঢালে অবস্থিত একটি পবিত্র স্থান। এখানকার অ্যাপোলো মন্দিরের জন্য এটি বিখ্যাত, যেখানে প্রাচীনকালে মানুষ নিজেদের ভবিষ্যৎ জানতে আসত। প্রাচীন স্টেডিয়াম, থিয়েটার এবং ডেলফি মিউজিয়াম দেখা পর্যটকদের প্রধান আকর্ষণ।

মেটেওরা

মেটেওরা মানে হলো ‘বাতাসে ভাসমান’। এখানে বিশাল সব প্রাকৃতিক পাথরের স্তম্ভের চূড়ায় প্রাচীন খ্রিস্টান মঠ বা আশ্রমগুলো অবস্থিত। আকাশছোঁয়া পাহাড়ের চূড়ায় কোনো আধুনিক যন্ত্র ছাড়াই কীভাবে এই আশ্রমগুলো তৈরি হয়েছিল, তা আজও বিস্ময়। পর্যটকরা সিঁড়ি বেয়ে এই মঠগুলোতে উঠতে পারেন এবং মেটেওরা ভ্যালির জাদুকরী দৃশ্য উপভোগ করতে পারেন। এটি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্য।একসময় মঠগুলোতে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না; ঝুড়ি বা জালের মাধ্যমে মানুষকে টেনে ওপরে তোলা হতো।

ক্রেটে

ক্রেটে গ্রিসের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় দ্বীপ। এর দক্ষিণে সমুদ্র আর মাঝখানে সুউচ্চ পাহাড়। ইউরোপের প্রাচীনতম মিনোয়ান সভ্যতার কেন্দ্র ‘নোসোস প্যালেস’ এখানে অবস্থিত। এছাড়া এখানকার অলিভ অয়েল বিশ্বসেরা। এখানকার ‘সামারিয়া জর্জ’-এ ট্রেকিং করা এবং বিখ্যাত ‘এলাফোনিসি’র গোলাপি বালুর সৈকতে সময় কাটানো পর্যটকদের প্রধান কাজ। ক্রেটের অধিবাসীরা তাদের আতিথেয়তার জন্য বিখ্যাত এবং তারা বিশ্বাস করে যে দেবতা জিউস এই দ্বীপের একটি গুহায় জন্মগ্রহণ করেছিলেন।

এথেন্স

এথেন্স ইউরোপের প্রাচীনতম রাজধানী। পশ্চিমা সভ্যতার সূতিকাগার এই এথেন্স হলো প্রাচীন এবং আধুনিকার এক মেলবন্ধন। এটি ৩০০০ বছরের পুরনো এক জীবন্ত শহর। পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা অ্যাক্রোপোলিস এবং মার্বেলের তৈরি পার্থেনন মন্দিরের জন্য এথেন্স বিশ্বখ্যাত। পর্যটকরা এখানে  প্লাকা এলাকায় ঘুরে বেড়াতে পারেন, , প্রাচীন আগোরা দেখতে পারেন কিংবা  আধুনিক ক্যাফেগুলোতে গ্রিক কফি উপভোগ করতে পারেন।

আধুনিক এথেন্স শহর- Image Source: travelandleisure.com

গ্রিসের খাবার 

গ্রিসের খাবার মানেই হলো তাজা উপাদানের সুগন্ধ এবং শত বছরের ঐতিহ্যের স্বাদ। গ্রিক রান্নায় জলপাই তেল, ভেষজ এবং সুগন্ধি মসলার এক জাদুকরী মিশ্রণ থাকে। 

মুসাকা 

মুসাকা হলো গ্রিসের সবচেয়ে জনপ্রিয় এবং অভিজাত খাবার, যা দেখতে অনেকটা কেকের মতো স্তরে স্তরে সাজানো থাকে। এটি মূলত ভাজা বেগুন, আলু এবং কিমা করা মাংসের (সাধারণত ভেড়া বা গরুর মাংস) সংমিশ্রণ। একে গ্রিসের ‘জাতীয় খাবার’ বলা হয়। এটি গ্রিক উৎসব এবং বিশেষ ডিনারের প্রধান আকর্ষণ।এটি অত্যন্ত রিচ এবং ক্রিমি স্বাদের। ওপরের বেসামেল সসের স্তরটি নরম আর নিচের মাংস ও বেগুনের স্তরটি মশলাদার ও সুস্বাদু হয়।

জুকিনি ফ্রিটার্স 

এটি গ্রিসের একটি জনপ্রিয় স্টার্টার বা অ্যাপেটাইজার। মূলত জুকিনি বা এক ধরণের ছোট মিষ্টি কুমড়ো কুচি করে এটি তৈরি করা হয়।নিরামিষাশীদের কাছে এটি অত্যন্ত প্রিয়। গ্রিসের প্রতিটি আইল্যান্ড বা দ্বীপে এই খাবারটি তাদের নিজস্ব ঢঙে তৈরি করা হয়। এগুলো বাইরে থেকে মুচমুচে কিন্তু ভেতরটা অনেক নরম। এতে থাকা পুদিনা পাতা ও লেবুর রস একটি রিফ্রেশিং টক-মিষ্টি ফ্লেভার দেয়। এটি সাধারণত ‘তাজিকি’ (দই ও শসার সস) দিয়ে খাওয়া হয়।

সুভলাকি এবং গাইরোস 

এই দুটি খাবার হলো গ্রিসের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুড। সুভলাকি হলো কাঠিতে গাঁথা গ্রিল করা মাংস, আর গাইরোস হলো কুচি করা মাংস যা পিটা ব্রেডের ভেতর ভরে দেওয়া হয়। আগুনের আঁচে গ্রিল করার কারণে মাংসের মধ্যে একটি স্মোকি বা পোড়া গন্ধ থাকে। পিটা ব্রেড, টমেটো, পেঁয়াজ এবং ভাজা আলুর  সাথে এটি মুখে দিলে স্বাদের এক বিস্ফোরণ ঘটে।

এছাড়াও পাস্তিতসিও, গেমিস্তা, ক্লেফটিকো-ও গ্রিসের সবচেয়ে জনপ্রিয় গুলোর মধ্যে অন্যতম।

গ্রিসের  সংস্কৃতি ও ঐতিহ্য 

প্রাচীন গ্রিক দার্শনিক এপিকিউরাস বিশ্বাস করতেন যে জীবনের আসল উদ্দেশ্য হলো শান্তি এবং আনন্দ খুঁজে পাওয়া। তাঁর সেই দর্শন আজ ‘এপিকিউরিয়ানবাদ’ (Epicureanism) নামে পরিচিত। তার  এই দর্শনের প্রভাব আজও তাদের সংস্কৃতিতে স্পষ্ট। যুগের সাথে উদযাপনের ধরন পাল্টালেও গ্রিকরা এখনো তাদের হাজার বছরের পুরোনো ঐতিহ্য আর উৎসবগুলোকে পরম উৎসাহে টিকিয়ে রেখেছে।

কর্ফু কার্নিভাল  

এটি গ্রিসের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যার শেকড় ভেনেশিয়ান শাসনামলে প্রোথিত। এই উৎসবে মানুষ বিচিত্র মুখোশ এবং প্রাচীন ভেনেশিয়ান স্টাইলের জমকালো পোশাক পরে রাস্তায় প্যারেড করে। পুরো কর্ফু শহরটি তখন গান, নাচ এবং বাজনায় মুখরিত থাকে।

কর্ফু কার্নিভাল- Image Source: visit.corfu.gr

গ্রিক অর্থোডক্স ইস্টার  

এটি গ্রিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি কেবল একটি পূজা নয়, বরং পুনর্জন্মের এক মহা-উদযাপন। পবিত্র শনিবার মাঝরাতে চার্চ থেকে যখন যিশুর পুনরুত্থানের আলো ছড়িয়ে দেওয়া হয়, সবাই তখন মোমবাতি জ্বালিয়ে একে অপরকে শুভেচ্ছা জানায়। এরপর মধ্যরাতে সবাই মিলে ঐতিহ্যবাহী ‘মাগিরিতসা’ স্যুপ খায়। 

এপিডোরাস ফেস্টিভ্যাল 

জুন থেকে আগস্ট পর্যন্ত চলা এই উৎসবটি গ্রিসের প্রাচীন নাট্যকলা ও শিল্পের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন। এটি মূলত দুই হাজার বছরের পুরনো প্রাচীন গ্রিক থিয়েটারে অনুষ্ঠিত হয়। খোলা আকাশের নিচে প্রদীপ জ্বালিয়ে প্রাচীন গ্রিক ট্র্যাজেডি বা কমেডি নাটক মঞ্চস্থ করা হয়। এই থিয়েটারগুলোর অ্যাকোস্টিক বা শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা এতই চমৎকার যে, মঞ্চে পিন পতনের শব্দও শেষ সারির দর্শক শুনতে পায়।

ইফেস্তিয়া বা আগ্নেয়গিরি উৎসব  

গ্রিসের সান্তোরিনি দ্বীপে প্রতি বছর সেপ্টেম্বর মাসে এই নাটকীয় উৎসবটি পালিত হয়। এটি একটি বিশাল অগ্নুৎপাতের স্মরণে করা হয় যা দ্বীপের আকৃতি বদলে দিয়েছিল। পাহাড়ের চূড়ায় এবং সমুদ্রের মাঝখানে নৌকায় বিশাল আতশবাজি ফোটানো হয়, যা দেখতে হুবহু আগ্নেয়গিরি থেকে লাভা বের হওয়ার মতো মনে হয়। এই দৃশ্যটি দেখতে হাজার হাজার পর্যটক সান্তোরিনিতে ভিড় করেন।

এথেন্স ম্যারাথন  

এটি কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং ইতিহাসের এক পদযাত্রা। প্রতি বছর নভেম্বরে এটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ঐতিহাসিক ম্যারাথন যুদ্ধক্ষেত্র থেকে এথেন্সের প্যানাথেনাইক স্টেডিয়াম পর্যন্ত ৪২ কিলোমিটার দৌড়াতে হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এতে অংশ নেয়।

এথেন্স ম্যারাথন – Image Source: whyathens.com

গ্রিক দেবদেবীর গল্প 

প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনিগুলোর মূল কাহিনি গড়ে উঠেছে দেবতাদের কেন্দ্র করে। পুরোটা জুড়েই আধিপত্য বিস্তার করেছে বারোজন অলিম্পিয়ান দেবতা। উপকথা অনুযায়ী, দেব-দেবীদের অলৌকিক শক্তি বিদ্যমান থাকলেও, মননে ও গড়নে এরা ছিল মানুষের মতোই। মানুষের মতোই দেবতারা মনে পোষণ করতেন লোভ, লালসা, কামক্ষুধা, আবেগ, ভালোবাসা, হিংসা, ঈর্ষাপরায়ণতা ইত্যাদি। মানুষের মতো জন্ম নিয়ে বেড়ে উঠলেও মানুষের সাথে ছিল তাদের একটাই ফারাক। তা হচ্ছে-  দেবতারা ছিলেন অমর। 

উপসংহার 

সব মিলিয়ে, গ্রিস শুধু একটি দেশ নয়—এটি মানব সভ্যতার এক জীবন্ত ইতিহাস। সক্রেটিস, প্লেটো কিংবা আলেকজান্ডার দ্য গ্রেটের চিন্তা, দর্শন আর বীরত্বের গল্প আজও আমাদের আধুনিক পৃথিবীর ভিত্তি গড়ে দিয়েছে।

এই দেশের প্রতিটি পাথুরে ধ্বংসাবশেষ, প্রাচীন মন্দির, নীল সমুদ্র আর ঐতিহ্যবাহী উৎসব যেন হাজার বছরের ইতিহাসকে আজও জীবন্ত করে রেখেছে। এখানে অতীত আর বর্তমান এমনভাবে মিশে গেছে, যেন প্রতিটি মুহূর্তে আপনি ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছেন। আজকের আধুনিক, প্রাণবন্ত গ্রিস আসলে সেই প্রাচীন সভ্যতারই ধারাবাহিক রূপ—যেখানে জ্ঞান, সংস্কৃতি আর সৌন্দর্য একসাথে বিকশিত হয়েছে। হয়তো সময়ের সাথে অনেক কিছু বদলাবে, কিন্তু গ্রিসের সেই প্রাচীন গৌরব, তার গল্প আর তার প্রভাব কখনোই হারিয়ে যাবে না। কারণ, এই দেশ শুধু ইতিহাসের অংশ নয়—এটি পুরো মানবজাতির একটি গুরুত্বপূর্ণ পরিচয়।

গ্রিস নিয়ে কিছু মজার তথ্য

  • দ্বীপের মেলা: গ্রিসে সব মিলিয়ে প্রায় ৬,০০০টি দ্বীপ রয়েছে। তবে এর মধ্যে মাত্র ২০০টির মতো দ্বীপে মানুষের বসবাস আছে। বাকিগুলো এখনো জনমানবহীন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।
  • সবখানেই সমুদ্র: গ্রিসের কোনো স্থানই সমুদ্র থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরে নয়। আপনি দেশটির যেখানেই থাকুন না কেন, সর্বোচ্চ দেড়-দুই ঘণ্টার মধ্যেই সমুদ্রের নীল জলরাশি দেখতে পাবেন।
  • নীল ছাদের রহস্য: গ্রিসের দ্বীপগুলোতে বিশেষ করে সান্তোরিনি  দ্বীপএ  অনেক বাড়ির ছাদ নীল রঙের হয়। প্রাচীনকালে বিশ্বাস করা হতো, এই নীল রঙ অশুভ শক্তিকে দূরে রাখে। তবে এর একটি বৈজ্ঞানিক কারণও আছে- এটি ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
  • নাম দিবস (Name Day): গ্রিসে জন্মদিন উদযাপনের চেয়ে ‘নাম দিবস’ পালন করা বেশি জনপ্রিয়। প্রতিটি গ্রিক নাম কোনো না কোনো সন্ত বা দেবতার সাথে যুক্ত এবং সেই নির্দিষ্ট দিনে ওই নামের সবাই উৎসব পালন করেন।
  • বৃদ্ধতম শহর: গ্রিসের রাজধানী এথেন্স ইউরোপের অন্যতম প্রাচীন শহর। এখানে গত ৭,০০০ বছর ধরে মানুষ নিরবচ্ছিন্নভাবে বসবাস করে আসছে।
  • পনিরের ভক্ত: গ্রিকরা বিশ্বের সবচেয়ে বেশি পনির খাওয়া জাতিগুলোর মধ্যে একটি। বিশেষ করে তাদের বিখ্যাত ‘ফেটা চিজ’ (Feta Cheese) ছাড়া গ্রিকদের খাবারের টেবিল অসম্পূর্ণ। 

 

References: 

Related posts

সোমালিয়ার ভেতর আরেক দেশ: সোমালিল্যান্ডের রহস্য

ইরিত্রিয়া- যেখানে সময় থেমে আছে!

আটলান্টিকের মুক্তো: বাহামা দ্বীপপুঞ্জ

Leave a Comment

Table of Contents

    This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More